আমি ওয়াদা করছি, ঢাকা-০৮ এর সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য সংসদে জোরালো দাবি উত্থাপন করব এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ অব্যাহত রাখব। সংসদ সদস্য নির্বাচিত হলে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এটিই হবে আমার প্রধান অগ্রাধিকার।
২
চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ঢাকা-০৮
ক
চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব। নাগরিকরা chandabaaj.com-এর মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানাতে পারবেন এবং প্রতিটি অভিযোগ দ্রুততার সাথে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
খ
মাদক ব্যবসায়ীচক্রকে কঠোরভাবে দমন করব। যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী ক্যাম্পেইন পরিচালনা এবং মাদকাসক্তদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব।
গ
অপরাধপ্রবণ এলাকা ও জনসমাগমস্থলে সিসিটিভি নজরদারি জোরদার করব। অন্ধকারাচ্ছন্ন রাস্তাগুলোতে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন করব।
ঘ
গণপরিবহন ও পাবলিক স্পেসে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, ইভটিজিং ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব এবং ২৪/৭ হেল্পলাইন চালু করব।
ঙ
ঢাকা-০৮ এলাকায় অবৈধ দখলদারিত্ব নির্মূল করব এবং মানুষের বাড়িঘর, দোকান, ব্যবসা-বাণিজ্য ও সরকারি জায়গার নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিব, অবৈধভাবে দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
চ
শুধু মানুষ নয় এমনকি প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আমি মানুষ ও সকল প্রাণীর জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক ঢাকা-০৮ গড়ে তোলার অঙ্গীকার করছি।
৩
সার্বজনীন স্বাস্থ্যসেবা
ক
ঢাকা-০৮ এর সকল সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সিন্ডিকেট ও দালালমুক্ত করে সকল নাগরিকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবাকে ব্যবসা নয়, নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সেবার মান, ন্যায্য ফি কাঠামো নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিব।
খ
ঢাকা-০৮ এর আওতাধীন ঢাকা মেডিকেল কলেজসহ সকল সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, রোগীবান্ধব পরিবেশ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্যোগ নিব। অবহেলা ও অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে।
গ
আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগ, প্রশিক্ষণ বৃদ্ধি এবং নতুন অবকাঠামো নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
ঘ
জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা হবে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত মশা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করা হবে।
ঙ
মানসিক স্বাস্থ্য, পুষ্টি, প্রজনন, মাতৃস্বাস্থ্য ও জরুরি চিকিৎসা সেবার উন্নয়নে পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করব।
চ
জনস্বাস্থ্য ও প্রাণীদের সুরক্ষায় কুকুর ও বিড়ালের জন্য জন্মনিয়ন্ত্রণ, ভ্যাক্সিনেশন ও চিকিৎসা কর্মসূচি বাস্তবায়ন করব, জলাতঙ্কসহ সংক্রামক ব্যাধি নির্মূল করার উদ্যোগ নিব।
৪
বৈষম্যহীন, মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা
ক
ঢাকা-০৮ এলাকায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যহীন ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিব। মেধাবী শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও স্টার্টআপ ফান্ডের ব্যবস্থা করব। শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ ও ভর্তি বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করব।
খ
জুলাই গণঅভ্যুত্থান থেকে অনুপ্রেরণা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে র্যাগিং, গেস্টরুম সংস্কৃতি ও রাজনৈতিক সহিংসতা বিলোপ করা হবে। মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে কোনো শিক্ষার্থী নির্যাতন বা বৈষম্যের শিকার না হয়।
গ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নের জন্য স্বচ্ছ ও ন্যায্য অনুদান নিশ্চিত করব, যাতে সবার জন্য আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা সহজলভ্য হয়।
ঘ
আধুনিক শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই ) ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ চালু করব। বিতর্ক, সাহিত্য, শিল্পকলা ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা হবে।
ঙ
শিশু ও তরুণদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে বেদখল হওয়া মাঠ উদ্ধার ও বিদ্যমান পার্কের রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপদ খেলাধুলার পরিবেশ গড়ে তোলা হবে।
৫
কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি নিশ্চিতকরণ
ক
ঢাকা-০৮ আসনের জনগণের বেকারত্ব দূরীকরণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসার ও উদ্যোক্তাদের সাফল্য নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ফান্ড গঠনের ব্যবস্থা করব।
খ
ঢাকা-০৮ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করব, যাতে তারা স্বাবলম্বী জীবন গড়ে তুলতে পারেন।
গ
পল্টনে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করব, যেখানে ই-লাইব্রেরি, কালচারাল সেন্টার, উদ্যোক্তাদের জন্য উচ্চগতির ইন্টারনেটসহ ওয়ার্কিং স্পেস এবং সেমিনার হল থাকবে।
ঘ
চাকুরিপ্রার্থী, উদ্যোক্তা ও শিক্ষানবিসদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে। ফ্রিল্যান্সিং, ডিজিটাল স্কিল ও অনলাইন মার্কেটপ্লেসভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করে দেশি ও আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ তৈরি করব। নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, পরামর্শ ও বাজারে পণ্য বিক্রির সুযোগ সৃষ্টিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করব।
ঙ
ঢাকা-০৮ এলাকার সরকারি ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় শিক্ষার্থী ও উদ্যোক্তাদের সংযোগ স্থাপন করা হবে, উদ্যোক্তাদের জন্য দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করব।
৬
নাগরিকবান্ধব ও জনদুর্ভোগমুক্ত ঢাকা-০৮
ক
আবাসিক এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ কমিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এলপিজি গ্যাসের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলার জন্য পদক্ষেপ নিব।
খ
ঢাকা-০৮ এর যানজট নিরসনে স্কুল এবং সরকারি অফিসের পৃথক সময়সূচি নির্ধারণ করার পদক্ষেপ নেয়া হবে। স্থানীয়দের অংশগ্রহণে স্বেচ্ছাসেবী ইউনিট গঠন করে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশদের সহায়তা প্রদান করব। ঢাকা-০৮ এর আওতাধীন এলাকাগুলোতে ভিআইপি প্রটোকলের কারণে সৃষ্ট অপ্রয়োজনীয় যানজট ও জনভোগান্তি সম্পূর্ণরুপে দূর করব।
গ
অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় গণসচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে পূর্বপ্রস্তুতি নেওয়া হবে এবং দ্রুত উদ্ধারকাজ ও পুনর্বাসন সম্পন্ন করার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে।
ঘ
নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে জন্মনিবন্ধন, পাসপোর্ট, এনআইডি, ট্রেড লাইসেন্সসহ সকল গুরুত্বপূর্ণ সেবা আসনভিত্তিকভাবে কোন প্রকারের হয়রানি ছাড়া প্রদানের পদক্ষেপ গ্রহণ করব। সাধারণ নাগরিকের জন্য ইনকাম ও হোল্ডিং ট্যাক্স ও সরকারি ফি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করব।
ঙ
শ্রমজীবী হকারদের নিবন্ধন ও লাইসেন্সের আওতায় এনে পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেটবিরোধী ব্যবস্থা জোরদার করব।
চ
পল্টন, রমনা, মতিঝিল, শাহবাগ ও শাহজাহানপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় পথচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে।
৭
আগামী প্রজন্মের জন্য ঢাকা-০৮
ক
ঢাকা-০৮ কে বসবাসযোগ্য, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় সিন্ডিকেট ভেঙে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করা হবে।
খ
গুলিস্তান, মতিঝিল ও পল্টনসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। সড়ক ও ড্রেন পরিষ্কার করে জলাবদ্ধতা কমানো ও পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যত্রতত্র ময়লা ফেলা ও পোড়ানো সম্পূর্ণভাবে কমিয়ে আনতে উদ্ভাবনী কৌশল ও আন্তর্জাতিক মানসম্পন্ন বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে।
গ
বহুতল আবাসিক ও বাণিজ্যিক নির্মাণকাজে বিল্ডিং কোড, অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, পরিবেশের মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘ
পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে নিয়মিত পরিচ্ছনতা কর্মসূচি চালু করা হবে, যাতে নাগরিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে।
৮
জনতার এমপি জনতার সেবক
আমি নাসীরুদ্দীন পাটওয়ারী, আপনাদের সেবক হিসেবে আসন্ন নির্বাচনে ঢাকা-০৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী। ক্ষমতাকে এলিট-জমিদার গোষ্ঠীর জিম্মা থেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে আমি সদা অঙ্গীকারবদ্ধ। আমার ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি দায়বদ্ধ থাকব। আপনাদের সেবক হিসেবে আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হটলাইন ও ওয়ার্ডভিত্তিক ওয়ান-স্টপ সেবা কেন্দ্র চালু করব, যাতে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ করুন
আপনার যেকোনো মতামত, অভিযোগ বা পরামর্শ সরাসরি আমাদের জানান। আমরা আপনার কথা শুনতে প্রস্তুত।